মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে নবাগত শিক্ষার্থীদের হাতে কলম ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থিত ছাত্রদল নেতৃবৃন্দ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমের বিস্তারিত
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য (রোল নম্বর নির্ণয় পরীক্ষা) কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরুর প্রাক্কালে কাজী মফিজুর রহমানের সমর্থিত ছাত্রদল নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম ও চকলেট তুলে দেন। নতুন ক্লাসের শুরুতে এমন উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
নেতৃত্ব ও পরিকল্পনা
এই কলম ও চকলেট বিতরণ কার্যক্রমের মূল তদারকিতে ছিলেন সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক শাকিল। তিনি সাংবাদিকদের জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নির্দেশে আমরা শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সেনবাগ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই কার্যক্রম পরিচালনা করা হবে।”
ব্যতিক্রমী এই উদ্যোগটি অভিভাবক ও স্থানীয়দের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।
