কোম্পানীগঞ্জে ইউপি সদস্য ফয়সালকে তুলে নিয়ে কুপিয়ে জখম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল ইবনে জুয়েলকে (৩৭) প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌর এলাকার আরডি শপিং মলের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

আহত ফয়সাল ইবনে জুয়েল চরহাজারী ইউনিয়নের মাস্টার আবু নাছেরের ছেলে এবং একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বসুরহাট বাজারের আরডি শপিং মলের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে কেজি স্কুলের পার্শ্ববর্তী একটি নির্জন বাড়িতে নিয়ে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জনসাধারণের ক্ষোভ ও প্রতিক্রিয়া

এই হামলার ঘটনায় উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন। চরহাজারী ইউনিয়নের সাধারণ মানুষও এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ফয়সালের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এলাকার সচেতন মহলের মতে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বসুরহাটে প্রতিহিংসার যে রাজনীতি শুরু হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা হতে পারে। সাধারণ মানুষ জানান, তারা আর কোনো সন্ত্রাস বা প্রতিহিংসার রাজনীতি দেখতে চান না। এই ধরণের সন্ত্রাস বন্ধ না হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের আস্থা হারাবে।

পুলিশের বক্তব্য

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *