মামলা থেকে অব্যাহতি পেলেন ফখরুল ইসলাম; জয়ের ব্যাপারে আশাবাদী
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর থানায় জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা থেকে আদালতের অব্যাহতি পেয়েছেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আদালতের রায়ে ন্যায়বিচার
মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানান, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছিল। আদালতের এই আদেশের মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “মিথ্যা মামলা দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না।”
নির্বাচনী ষড়যন্ত্র নিয়ে অভিযোগ
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন, নোয়াখালী-৫ আসনে ধানের শীষের সম্ভাব্য বিজয় ঠেকাতে পর্দার আড়ালে এখনো নানা ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র চলছে। তবে কবিরহাট, কোম্পানীগঞ্জ এবং নোয়াখালী সদরের অশ্বদিয়া ও নেয়াজপুর এলাকার ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে তিনি বিশ্বাস করেন।
১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। সাধারণ মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকের বিকল্প নেই।” তিনি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান।
