চাঁদা না পেয়ে বৃদ্ধকে মারধর, সুবর্ণচরে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা না পেয়ে মোহাম্মদ আল আমিন (৬০) নামে এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সুবর্ণচরের ফুলজান নগর এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আহত বৃদ্ধ নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ ও অভিযোগ

ভুক্তভোগী আল আমিন হুজুর অভিযোগ করেন, চরওয়াপদা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম রাসেল ও কৃষকদল সভাপতি মুরাদ হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার সকালে অভিযুক্তরা তাঁর মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে শুরু করে। খবর পেয়ে তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

তিনি আরও বলেন, “রাসেল ও মুরাদ টাকার বিনিময়ে অন্যের জমি দখল করে দেওয়ার কাজ করে। আমাকে মারধরের সময় কেউ ভিডিও করতে চাইলে তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।”

পরিবারের দাবি

আহত বৃদ্ধের স্ত্রী শেফালী বেগম চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে মারধর করে মৃত ভেবে বাড়ির সামনে কবর দেওয়ার চেষ্টা করেছিল হামলাকারীরা। পরে স্থানীয়রা জড়ো হলে তারা পালিয়ে যায়। এর আগেও তারা আমার ছেলেকে ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল এবং পরে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে।”

চিকিৎসকের বক্তব্য

নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, আল আমিনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও মারধরের কারণে তাঁর ডান হাত ভেঙে গেছে এবং হাতের একটি আঙুল মারাত্মক জখম হয়েছে।

প্রশাসনের ভাষ্য

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে রাসেল ও মুরাদ সিন্ডিকেট এলাকায় মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও মাদক সেবনের মতো অপকর্মে জড়িয়ে পড়েছে। এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম রাসেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *