প্রাপ্তি ও লড়াইয়ের ২০২৫: কেমন কাটল বুটেক্সের এক বছর?

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি

কালের অমোঘ নিয়মে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে প্রস্তুত বিশ্ব। ২০২৫ সাল বিদায় নিতে আর মাত্র কিছু সময় বাকি। এই এক বছরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস ছিল মানবিক উদ্যোগ, একাডেমিক অগ্রগতি, আন্দোলন–প্রতিবাদ, সংঘর্ষ এবং অর্জনের বহুস্তরীয় ঘটনার সাক্ষী। কেমন কাটল বুটেক্সের ২০২৫? ফিরে দেখা যাক স্মৃতির পাতায়।

মানবিকতা ও ক্যাম্পাসের প্রাণের স্পন্দন

বছরের শুরুতেই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিকতার বার্তা দেয় ‘বাঁধন বুটেক্স ইউনিট’। তবে ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত নাম ছিল ‘মধু’ নামের কুকুরটি, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এক অনন্য বন্ধনের প্রতীক হয়ে ওঠে। এছাড়াও একাত্তর সাংস্কৃতিক সংঘের ‘শ্রেষ্ঠত্বের লড়াই’, জাতীয় বিতর্ক উৎসব এবং সিরাত প্রতিযোগিতার মতো আয়োজনগুলো বছরজুড়ে ক্যাম্পাস সংস্কৃতিকে প্রাণবন্ত রাখে।

একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত মাইলফলক

২০২৫ সালে বুটেক্সের ইতিহাসে যোগ হয়েছে একাধিক অর্জন:

  • প্রথম সমাবর্তন: ২৭ ডিসেম্বর ৪ হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান এবং ৪১ জনকে গোল্ড মেডেল দেওয়ার মাধ্যমে ইতিহাস গড়ে বুটেক্স।
  • পরিবহন ও ল্যাব: দীর্ঘ ১৪ বছর পর নিজস্ব বাস ‘রেশম’ চালু এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু।
  • স্বচ্ছতা: পরীক্ষার খাতা মূল্যায়নে আইডি নম্বর গোপন রাখার নতুন পদ্ধতি চালু।
  • গবেষণা: এডিবি’র অর্থায়নে বহুতল ভবন নির্মাণ এবং ড. আব্বাস উদ্দিন শায়কের ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫’ জয়।

সাংবাদিকতা ও সংগঠনের সক্রিয়তা

জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বুটেক্স সাংবাদিক সমিতি প্রকাশ করে ম্যাগাজিন ‘নবদর্পণ’। সেপ্টেম্বরে নতুন নেতৃত্বে আসেন সভাপতি মো. আব্দুল্লাহ আল জাবের রাফি এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা করে প্রশংসিত হয় সংগঠনটি।

আন্দোলন, প্রতিবাদ ও সংঘাতের কালো মেঘ

বছরজুড়েই বুটেক্স ছিল প্রতিবাদের কণ্ঠস্বর। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদ, গাজায় আগ্রাসনের বিরুদ্ধে ‘মার্চ ফর গাজা’ এবং ইসকনবিরোধী মানববন্ধনে মুখর ছিল ক্যাম্পাস। তবে মুদ্রার উল্টো পিঠে ছিল বুটেক্স-ঢাকা পলিটেকনিক সংঘর্ষের রেশ। সেই সংঘর্ষে শিক্ষার্থী উৎসব পালের এক চোখের দৃষ্টি হারানো এবং ফুটবল টুর্নামেন্ট কেন্দ্রিক গোলযোগে বহিষ্কারের ঘটনাগুলো ছিল অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক।

সাফল্য ও বিসিএস জয়

৪৫তম বিসিএসে ১৩ জন শিক্ষার্থীর ক্যাডার হওয়া বুটেক্সের মুকুটে নতুন পালক যুক্ত করে। এছাড়া টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এবং জাতীয় টেক্সটাইল অলিম্পিয়াডে বুটেক্স শিক্ষার্থীদের একচ্ছত্র আধিপত্য সবার নজর কেড়েছে।

প্রশাসনিক চ্যালেঞ্জ ও নিরাপত্তাহীনতা

বাজেট গোপন রাখা, ডাইনিং ও ক্যান্টিন অব্যবস্থাপনা এবং আউটসোর্সিং কর্মচারীদের বেতন জটিলতা নিয়ে বছরজুড়েই ক্ষোভ ছিল। ভূমিকম্পের ঝুঁকিতে হল ত্যাগের নির্দেশ শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তিতে ফেলেছিল।

প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে ২০২৫ সাল বুটেক্সের ইতিহাসে এক অমলিন বছর হয়ে থাকবে। সমাবর্তনের আনন্দ যেমন ৪ হাজার শিক্ষার্থীর মনে নতুন স্বপ্ন বুনেছে, তেমনি অভ্যন্তরীণ সংঘর্ষ আর প্রশাসনিক সীমাবদ্ধতাগুলো আগামীর জন্য সতর্কবার্তা দিয়ে গেছে। সব নেতিবাচকতা কাটিয়ে ২০২৬ সালে বুটেক্স আরও বিশ্বমানের হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *