রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণের সফল ৬ মাস পূর্তি উপলক্ষ্যে নগরীর সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রম ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাধারণ নাগরিক ও সুশীল সমাজের মুখোমুখি হয়েছেন সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণের তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের আয়োজনে এই ‘জনতার মুখোমুখি’ বিশেষ মতবিনিময় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
কর্মকর্তাদের উপস্থিতি ও কার্যক্রম উপস্থাপন
আয়োজিত অনুষ্ঠানে বিগত ৬ মাসে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ও গৃহীত অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়নসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড চিত্র তুলে ধরা হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন—
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ
- প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম
- প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস. কে. দেবনাথ
- বিদ্যুৎ প্রকৌশলী জিল্লুর রহমান সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নাগরিক প্রশ্নের জবাব ও আশ্বাস
মুক্ত আলোচনা পর্বে ময়মনসিংহের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ নগরবাসীরা নগরীর ট্রাফিক জ্যাম, ড্রেনেজ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন।
সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার গভীর মনোযোগের সাথে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, ময়মনসিংহকে একটি পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ নগরবাসীর সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।