১৯ মামলার আসামি মাসুদ গ্রেফতার: এলাকায় স্বস্তি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৯টি মামলার পলাতক আসামি রফিকুল ইসলাম ওরফে মাসুদ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

অপরাধের খতিয়ান ও গ্রেফতারি অভিযান

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র আইন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে এসআই মঈনুল হোসেন, এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই ইসহাক খন্দকারসহ পুলিশের একটি চৌকস দল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আইনি পদক্ষেপ ও জনমনে স্বস্তি

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারের পর মাসুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, দুর্ধর্ষ এই অপরাধী গ্রেফতার হওয়ায় মুছাপুর ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাসুদের দাপটে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ আতঙ্কিত ছিল। তার গ্রেফতারে এলাকায় শান্তি বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment