নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একাধিক আহ্বান এর পর গোহাইলকান্দি হাই স্কুল এর পিছনের এলাকাবাসীদের সাথে সাংবাদিক দেখা করতে গেলে বহু এলাকাবাসী একত্রিত হয়ে সাংবাদিককে নিয়ে একটি নবনির্মিত দেয়াল দেখায়। অপ্রয়োজনীয় ভাবে যাহা এক তলার চাইতেও উঁচু। এবং ওই পাশে কোন ধরনের ভবন বা ইমারত বেষ্ঠনির প্রয়োজনে নির্মিত দেয়াল, তা-ও নয়।
রিফাত শেখের বক্তব্য ও ফোন আলাপ
এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে তারা যার কথা বললেন, তাকে ফোন করে – “শত বছরের পুরোনো মেঠো পথটি হঠাৎ একটি নতুন সীমানা প্রাচীর তুলে কেন বন্ধ করে দিলেন? যার ফলে সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ সৃষ্টি হয়। প্রশ্নের উত্তরে “রিফাত শেখ” নামক এক তরুণ জানালেন — এটা আমার উইশ! এ ধরনের আন্তরিকতা বিহীন এমন উত্তরের পৃষ্ঠে- আপনাদের কি স্থানীয় জনসমর্থনের প্রয়োজন নেই? তার উত্তরে আরও গভীর তথ্য বেরিয়ে এলো, “১৯৭২ সাল থেকে স্থানীয়রা আমাদের পিছনে লেগেছে। কই? কিছুই কি ছিড়তে পেরেছে? আর, আপনারা তো আরেকটা নিউজ করার ইনগ্রেডিয়েন্ট পেয়ে গেলেন। তাদের সাক্ষাৎকার নিয়ে আরও বিস্তারিত নিউজ সংগ্রহ করে তারপরে লিখুন।”
আইনি পর্যালোচনা ও ১৮৮২ সালের ‘সুখাধিকার আইন‘
এই বক্তব্যের প্রেক্ষাপটে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায়, যাঁদের নিয়ে এই পরিস্থিতি, তাঁরা একটি শিক্ষিত ও সচেতন পরিবার। আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকার ফলেই হয়তো তাঁরা এমন সীমানা প্রাচীর দিয়ে শত বছরের পুরোনো মেঠো পথটি আটকে দিয়েছেন। অন্যদিকে, স্থানীয় এলাকাবাসীও সঠিক আইনটি না জানার কারণেই পথটা উন্মুক্ত করতে পারছে না।
মূলত উভয় পক্ষের এই দূরত্ব কমিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ সহজ করে দেওয়ার উদ্দেশ্যেই বিষয়টি আইনি কাঠামোর আলোয় তুলে ধরা প্রয়োজন।
রাষ্ট্রীয় আইনে ১৮৮২ সালের ‘সুখাধিকার আইন’ (Easements Act)-এর বিধান খুবই পরিষ্কার। এই আইন অনুযায়ী, কোনো মেঠোপথ বা যাতায়াতের রাস্তা যদি স্থানীয় জনগণ একটানা ২০ বছর বা তার অধিক সময় ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করে আসে, তবে তা আইনগতভাবে ‘সুখাধিকার’ বা স্থায়ী চলাচলের অধিকারে পরিণত হয়। শুধু চলাচলের পথই নয়, পার্শ্ববর্তী বাড়ি বা জানালার পাশ দিয়ে আসা আলো-বাতাসের প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রেও এই আইন সমভাবে প্রযোজ্য। সম্পত্তি ব্যক্তিগত হতে পারে, কিন্তু সেই সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে জনস্বার্থ বা দীর্ঘদিন ধরে চলে আসা অধিকারকে সম্মান জানানো আইনেরই অংশ।
সমাধানের পথ ও পরবর্তী পর্বের ঘোষণা
আইনের সঠিক জ্ঞান বা তথ্য না থাকার ফলেই হয়তো আজ এই দেওয়াল তোলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেহেতু সংশ্লিষ্ট পরিবারটি শিক্ষিত এবং সচেতন, তাই আইনের এই দিকগুলো পরিষ্কার হলে তাঁরা বিষয়টি সহজে অনুধাবন করতে পারবেন বলে আশা করা যায়। পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক আইনি সচেতনতাই পারে গোহাইলকান্দির সাধারণ মানুষের অবরুদ্ধ মেঠো পথ ও জীবনযাত্রাকে আবার স্বাভাবিক করে তুলতে।
রিফাত শেখের সঙ্গে ফোন আলাপের প্রেক্ষিতে তার পক্ষ থেকে আসা দুটি বিষয়ের প্রথমটি পরিষ্কার করা হলো। যেহেতু দ্বিতীয়টি একটি গুরুতর অভিযোগ এবং এলাকাবাসীর তথ্য সংগ্রহের জন্য উনার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তাই আগামী পর্বে এলাকাবাসীর সাক্ষাৎকার গ্রহণ করে উপস্থাপন করা হবে আগামী পর্বে।