১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে দেশসেরা পীরগঞ্জের আতিফ আল হাসান কাব্য
মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা (জুনিয়র) হওয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানী আ ন ম আতিফ আল হাসান কাব্য। কাব্য ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী।
চার ধাপে ধারাবাহিক সাফল্য
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে চার ধাপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাব্য প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে সে। সর্বশেষ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনের মাধ্যমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করল কাব্য।
পারিবারিক পরিচিতি
কাব্যের বাবা প্রয়াত অহিদুজ্জামান রিয়ন ছিলেন ভূতপূর্ব সহকারী শিক্ষা কর্মকর্তা এবং মাতা আবিদা সুলতানা সাগরিকা পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের বাংলা বিভাগের প্রভাষক। এছাড়া কাব্য পীরগঞ্জের স্থানীয় সাংবাদিক কামরুল হাসান প্রধান সাগরের ভাগ্নে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অতিসম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ১৪ থেকে ১৬ জুন তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়। এই মেলা উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতশত প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলি-যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
