সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা, সিরাপ ও শাড়ী জব্দ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও দামী শাড়ী জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ২৬ ও ২৭ মার্চ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালনা করা হয়।

অভিযানের নেপথ্য ও এলাকা

বিজিবি সূত্র জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে লোহাকুচি বিওপির বালাটারী (কালীগঞ্জ), কাশিপুর বিওপির দক্ষিণ অনন্তপুর (ফুলবাড়ী), শিংঝাড় বিওপির বগনীরপাড় (ভুরুঙ্গামারী) এবং অনন্তপুর বিওপির ভেন্নিতলা এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

জব্দকৃত মালামালের বিবরণ ও মূল্য

ঘটনাস্থল থেকে ৫.৫ কেজি ভারতীয় গাঁজা, ৩৩৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ এবং ২৮ পিস ভারতীয় স্বর্ণ শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে গাঁজার মূল্য ১৯ হাজার ২৫০ টাকা, ইস্কাফ সিরাপ ১ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা এবং শাড়ীর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি অধিনায়কের বক্তব্য

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *