খালিয়াজুড়িতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

ময়মনসিংহ

মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ

ভোর ৬টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন এবং পুলিশ ও আনসার ভিডিপির সদস্যবৃন্দ শ্রদ্ধা জানান। এছাড়াও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্নীতি প্রতিরোধ কমিটি, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

সকাল ১০টায় খালিয়াজুড়ি উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মনফর আলী, বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, জামাতের আমীর মোঃ ইসমাইল হোসেন এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্য ও বিশেষ দোয়া

সভাপতির বক্তব্যে নাদির হোসেন শামীম বলেন, “আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। এদেশের জন্য আপনাদের অবদানের শেষ নেই, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।” অনুষ্ঠান শেষে জোহরের নামাজ বাদ প্রতিটি মসজিদ ও মন্দিরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *