দৈনিক জাহান ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকির তথ্য নেই উল্লেখ করে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
৫ দিনের ছুটি ও অনুদান বৃদ্ধি
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি সংস্থাগুলোকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পূজায় সরকারি ছুটি ৩ দিন করা হয়েছে, যা উইকেন্ড (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ৫ দিনে দাঁড়াবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপের সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।
অ্যাপের মাধ্যমে কড়া নজরদারি ও বিদুৎ ব্যবস্থা
উৎসব চলাকালে নজরদারি বাড়াতে এনটিএমসি (NTMC)-র বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য দ্রুত জানাতে এবং ব্যবস্থা নিতে অ্যাপটি সাহায্য করবে। জেলা পর্যায়ের কর্মকর্তাদের ইতিমধ্যে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু থাকবে।
পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিটি মণ্ডপে জেনারেটর এবং জরুরি ব্যাকআপ হিসেবে রিচার্জেবল লাইট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিমা ভাঙচুরের খবর ও অপরাধীদের নিয়ে কড়া বার্তা
সিলেট, মানিকগঞ্জ ও দিনাজপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ সম্পর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাগুলোর সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সত্যতা প্রমাণিত হলে আইজিপি তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবেন।
সম্প্রতি মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ, রাড্ডা ক্লিনিক ও রাজনৈতিক পরিচয়ে অপরাধের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিরপুরের ঘটনার নেপথ্যে ম্যাজিস্ট্রেট ও পুলিশের প্রাথমিক সমন্বয়ের অভাব ছিল জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারি তদন্ত চলছে।