
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নেতারা বিকেল সাড়ে ৪টা থেকে যমুনায় প্রবেশ করতে শুরু করেন। বৈঠককারী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে: নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন। তবে সেই বৈঠকে সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়ে গেছে।
এর আগের বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে দেন যে, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবা জাতির জন্য বিপজ্জনক হতে পারে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক আহত হন, যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা।
