রক্তিম চাঁদ দেখা যাবে বাংলাদেশ থেকে, কবে…

প্রযুক্তি

রক্তিম চাঁদফাইল ছবি: রয়টার্স

জাহিদ হোসাইন খান

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১০

রাতের আকাশ মানেই যেন চমক। সেই চমক আগামী রোববার একটু বেশিই থাকবে। রোববার রাতের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এ সময় চাঁদ রক্তিম লাল রং ধারণ করবে। বিজ্ঞানীরা একে ব্লাড মুন নামে ডাকেন। বিরল এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশ থেকেও দেখা যাবে।

চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে আর চাঁদকে ধীরে ধীরে অন্ধকার করে তোলে। এই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন ছায়ার মধ্য দিয়ে যায় বলে অনুজ্জ্বল হয়ে লাল রং ধারণ করে। এই রক্তিম আভার পেছনে কাজ করে রেইলি স্কেটারিং নামে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সূর্য থেকে আসা আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে তখন বায়ুমণ্ডলের গ্যাস ও ধূলিকণা আলোর নীল তরঙ্গদৈর্ঘ্যকে চারপাশে ছড়িয়ে দেয়। আর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো বাধা পায় না বরং তা বেঁকে গিয়ে চাঁদের ওপর পড়ে। এই কারণেই চাঁদ তখন লাল, কমলা বা বাদামি রঙে উজ্জ্বল হয়ে ওঠে। রক্তাক্ত মনে হয় চাঁদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *