যাত্রী সেজে ইয়াবা পাচার: ১৫ মামলার আসামি ‘জাইল্লা জহির’ গ্রেপ্তার

বেগমগঞ্জে যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫টি মাদক মামলার চিহ্নিত আসামি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র‍্যাব-১১ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

যাত্রী সেজে ইয়াবা পাচার

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের মাদককারবারি জাইল্লা জহির ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বাসটিতে তল্লাশি চালানো হয়। অভিযানে যাত্রীবাহী বাসের মধ্যে যাত্রী বেশে বসে থাকা মাদক কারবারি জহিরের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৫ মামলার আসামি

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছে। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *