
সুলতান আহম্মেদ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় ওয়াজ মাহফিল থেকে শোয়াইব (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আ. আলিম। তিনি জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে এবং সরিষাবাড়ী উপজেলার চর হেলাঞ্চা গ্রামের একটি মসজিদের ইমাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের পাশে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ হয় শিশু শোয়াইব। মাহফিল শেষে ছেলেকে খুঁজে না পেয়ে পরদিন মেলান্দহ থানায় অভিযোগ করেন তার বাবা নুরনবী।
অভিযোগে বলা হয়, টর্চলাইট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে মাহফিল মাঠের বাইরে নিয়ে যান ইমাম আ. আলিম। পরে তাকে সরিষাবাড়ীর চর হেলাঞ্চা গ্রামে নিয়ে একটি মসজিদে আটকে রাখেন। সেখান থেকে শোয়াইবের বাবার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দর-কষাকষির একপর্যায়ে ৪৫ হাজার টাকায় সমঝোতা হয়। এরপর দুই দফায় (২৫ হাজার ও ২০ হাজার টাকা) বিকাশের মাধ্যমে ওই টাকা পরিশোধ করা হলেও শিশুটিকে মুক্তি না দিয়ে উল্টো শারীরিক নির্যাতন করা হয়।
একপর্যায়ে ১৫ দিন আটকে রাখার পর গত ২১ নভেম্বর জামালপুর রেলস্টেশনে শোয়াইবকে রেখে মুঠোফোনে তার বাবাকে খবর দেওয়া হয়। পরে নুরনবী স্টেশন থেকে ছেলেকে উদ্ধার করেন। শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে চর হেলাঞ্চা গ্রামে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আ. আলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন গ্রেপ্তার আ. আলিম। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় আরও একটি অপহরণ মামলা চলমান রয়েছে।