স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

আবহমান কালের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি (দেওয়ালি) আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহে মন্দির, প্রতিমা নির্মাণ কারখানা এবং বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। একই সাথে উৎসব ঘিরে নগরজুড়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
নেতৃবৃন্দের প্রতিমা ও পূজা মণ্ডপ পরিদর্শন
শ্যামা পূজা উপলক্ষে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ ময়মনসিংহের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ও প্রধান প্রধান মন্দির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা নবাগত প্রতিমা শিল্পী ও পূজা উদযাপন কমিটির খোঁজখবর নেন।
পরিদর্শন দলে উপস্থিত ছিলেন:
- দেবব্রত দাস — সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা
- সংগ্রাম বর্মন — সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা
- বিলাস পাল — আহ্বায়ক, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট
- উৎপল ভৌমিক — সদস্য সচিব, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট
- পার্থ সারথি ও আশীষ সরকার — আহ্বায়ক, মহানগর পূজা উদযাপন ফ্রন্ট
- অ্যাডভোকেট মিলন সরকার — নেতা, পূজা উদযাপন পরিষদ
নেতৃবৃন্দ নগরীর নতুন বাজার প্রতিমা নির্মাণ কারখানা, ঐতিহাসিক দুর্গাবাড়ী মন্দির প্রতিমা এবং রঘুনাথ জিউর মন্দির প্রতিমা পরিদর্শন করেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক নজরদারি
এদিকে শ্যামা পূজা ও দীপাবলি কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।
আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা তদারকিতে দায়িত্ব পালন করছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ট্রাফিক) জনাব মো. আশরাফুল করিম।
একই সাথে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গোয়েন্দা নজরদারি জোরদারে সক্রিয় রয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা টিমের টহল এবং কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।