ময়মনসিংহে ঘন ঘন ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন রেলপথে মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ট্রেন চলায় ঘন ঘন ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে, যা যাত্রীদের জন্য সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মাঝপথে ট্রেন আটকে থাকায় রেলওয়ের সেবার প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।
এরই সর্বশেষ উদাহরণ দেখা যায় রবিবার (৫ অক্টোবর) সকালে। জামালপুর থেকে ছেড়ে আসা ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি সকাল ৮টা ৫৫ মিনিটে নান্দিনা রেল স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে। প্রায় চার ঘণ্টা পর ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে ট্রেনটি চালু করলে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি পান।
এ ঘটনায় ভোগান্তিতে পড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম মুন জানান, “সকাল সোয়া ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা প্রায় একশত শিক্ষার্থী অভুক্ত অবস্থায় স্টেশনে অপেক্ষা করেছি।” গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান জরুরি মিটিংয়ে যোগ দিতে না পেরে এবং টিকিটের টাকা ফেরত না পেয়ে বিকল্প পথে সিএনজিযোগে গন্তব্যে যান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলে চলাচলকারী বেশিরভাগ ট্রেনের ইঞ্জিনই মেয়াদোত্তীর্ণ। পূর্বাঞ্চলে প্রতিদিন ১১৯টি ইঞ্জিনের চাহিদার বিপরীতে সচল রয়েছে মাত্র ৭৫-৭৬টি। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, “ইঞ্জিন সংকটের কারণে মালবাহী ট্রেন থেকে ইঞ্জিন এনে যাত্রীবাহী ট্রেন চালাতে হচ্ছে। ফলে কোনো ইঞ্জিন ভালোভাবে মেরামত করারও সুযোগ পাওয়া যাচ্ছে না।”
রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুরনো ইঞ্জিনের সমস্যা সম্পর্কে তারা অবগত এবং নতুন ইঞ্জিন সংযোজনের প্রক্রিয়া চলছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, জনআস্থা ফেরাতে দ্রুত নতুন ইঞ্জিন সরবরাহ এবং পুরনো ইঞ্জিনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি।
