ময়মনসিংহের গৌরিপুরে অধ্যক্ষ লাঞ্চিত : অভিযুক্ত আরেক শিক্ষক

ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেনের নাম এসেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের এই ঘটনার একটি ৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। এর জেরে শুক্রবার কলেজের সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনসহ জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। অধ্যক্ষ গোলাম মোহাম্মদ এ ঘটনায় আনোয়ারসহ কয়েকজনের নামে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার প্রতিবাদে গৌরীপুরের সম্মিলিত শিক্ষক সমাজ রোববার (২৮ সেপ্টেম্বর) শহরে মানববন্ধন ও ইউএনও-কে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেছে।
জানা গেছে, কলেজের নিয়োগ বাণিজ্য ও কমিটি গঠনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের বিরুদ্ধে গত বছর থেকেই একটি পক্ষ আন্দোলন করছিল। এর জেরে তাকে একবার দায়িত্ব থেকে সরানোও হয়েছিল। সম্প্রতি তিনি পুনরায় দায়িত্ব ফিরে পেলে পুরোনো বিরোধকে কেন্দ্র করে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারও ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন।
