বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করলেন মন্ত্রী জাহিদ হোসেন
শাহ আলম,(ঘোড়াঘাট), দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য ও ‘কৃষক কার্ড’ ঘোষণা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই। কৃষকদের সুবিধার্থে শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন।” তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত রাখবে।
উপকরণ বিতরণের বিবরণ
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এই কর্মসূচির আওতায় মোট ৮০০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। আউশ চাষের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিতি
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল এএসপি এ. এন. এম. নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
