বাংলাদেশ-নেপাল ম্যাচে কেউ জেতেনি

খেলাধুলা

বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টার রাকিব হোসেনবাফুফে

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা

আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৮ 

বাংলাদেশ ০ : ০ নেপাল

বল দখলে দুই দলই সমানে সমান। সমান শট লক্ষ্যে রাখায়ও। ম্যাচটা শেষও হয়েছে সমতাতেই। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র।

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের তিন মাস পর আজকের খেলা দিয়েই আবার মাঠে ফিরেছে বাংলাদেশ দল। সেই ম্যাচের হামজা চৌধুরী ও শমিত সোমরা এবার দলের সঙ্গে যোগ দেননি। ফাহামিদুল ইসলাম, শেখ মোরছালিনরা আছেন অনূর্ধ্ব–২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে।

এ ছাড়া দলে থাকলেও চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান গোলকিপার মিতুল মারমা। কোচ হাভিয়ের কাবরেরা গোলপোস্ট সামলানোর দায়িত্বটা দিয়েছেন সুজন হোসেনকে। মোহামেডানের এই গোলকিপারকে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে হয়নি। আক্রমণ–পাল্টা আক্রমণ হলেও ম্যাচে গোলের প্রবল সম্ভাবনা জেগেছে কমই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *