নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে আন্তর্জাতিক ব্যাংক এইচবিএল (হাবিব ব্যাংক লিমিটেড)। ১৯৭৬ সালে বাংলাদেশে পথচলা শুরু করা প্রতিষ্ঠানটি গত পাঁচ দশক ধরে দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বব্যাপী সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে এ মাইলফলক উদযাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমকালো আয়োজন ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতি
এইচবিএল কর্তৃক আয়োজিত ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধি, দেশীয় শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকের গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক এই ব্যাংকটির চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম উপস্থিত থেকে দীর্ঘ এই অংশীদারিত্বের জন্য বাংলাদেশে ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
বৈশ্বিক সংযোগ ও ‘আরএমবি’ লেনদেনে সক্ষমতা
বাংলাদেশের অর্থনীতি যখন বিশ্ব বাণিজ্য ও বৈশ্বিক বিনিয়োগের সাথে নিজেদের সংযোগ আরও গভীর করছে, তখন এইচবিএল তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দিয়ে যাচ্ছে।
দক্ষিণ এশিয়া ও মেনা (MENA) অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম, যারা চীনে সরাসরি ‘এন্ড-টু-এন্ড’ চাইনিজ ইউয়ান বা রেনমিনবি (RMB) মধ্যস্থতা সেবা দেওয়ার সক্ষমতা রাখে। চীনে ব্যাংকের বেইজিং ও উরুমচি উভয় শাখাই বৈদেশিক মুদ্রা ও আরএমবি লাইসেন্সপ্রাপ্ত, যা বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (CPEC) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) সংক্রান্ত লেনদেনে বাড়তি সুবিধা দিচ্ছে।
প্রবৃদ্ধির পরবর্তী ধাপে নতুন অঙ্গীকার
বাংলাদেশের কর্পোরেট ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সার্ভিস এবং ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও আধুনিকায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছে এইচবিএল কর্তৃপক্ষ।
পঞ্চাশ বছরের এই সাফল্য অর্জনের পর ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে তরান্বিত করতে তারা আঞ্চলিক নেটওয়ার্কের শক্তি ও নতুন প্রযুক্তিভিত্তিক সুবিধাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সম্প্রসারণে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাবে।
