ফুটবল প্রেমীদের জন্য সুখবর: ১৪ জানুয়ারি ঢাকা আসছে বিশ্বকাপ ট্রফি
খেলা ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ‘আসল’ ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আগামী ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফি ট্যুর প্রোগ্রামের আওতায় ট্রফিটি ঢাকায় আসছে। দ্য কোকা-কোলা কোম্পানি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশি ফুটবল ভক্তরা ফুটবলের সর্বোচ্চ সম্মান এবং ফুটবলের প্রতীক মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার এক বিরল সুযোগ পাবেন।
উত্তেজনা ও আবেগ উদযাপনের সুযোগ
কোকা-কোলা কোম্পানির গ্লোবাল অ্যাসেটস ও পার্টনারশিপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার মাধ্যমে আমরা ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আনন্দিত। বাংলাদেশে এই মূল ট্রফি নিয়ে আসার মাধ্যমে ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ ও উত্তেজনা তৈরি হয়, তার পূর্ণ অভিজ্ঞতা উদযাপনের সুযোগ পাবেন ভক্তরা।”
ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই জানান, ২০ বছর ধরে কোকা-কোলা ও ফিফার এই অংশীদারত্ব বিশ্বকাপের জাদু ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছে। এবার কোকা-কোলার সঙ্গে ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রস্তুতির অংশ।
যেভাবে দেখা যাবে ট্রফি
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কোকা-কোলা একটি ইন্টার্যাকটিভ “আন্ডার দ্য ক্যাপ” প্রোমো ক্যাম্পেইন চালু করেছে। ফুটবলপ্রেমীরা ১ লিটারের কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ক্যাপের নিচের ইউনিক কোড শেয়ার করে ফিফা-থিমের কুইজের সঠিক উত্তর দিয়ে প্রতি ঘণ্টায় দ্রুততম উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিততে পারবেন। এই অফার আগামী ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ
উল্লেখ্য যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এই তিনটি দেশ যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে। বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে এই ট্রফি ৩০টি দেশ ভ্রমণ করবে এবং মোট ১৫০ দিনের সফরে ৭৫টি স্থানে প্রদর্শিত হবে।
