স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

একটি সুন্দর, পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী বসবাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ত ভবন প্রাঙ্গণে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরায়ণ ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা
প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়াহিদ বলেন, গত ১৭ বছরে ময়মনসিংহে পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তাই এখন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। একই এলাকায় বিভিন্ন সংস্থার দফায় দফায় রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ে উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে সব উন্নয়নমূলক কাজ সমন্বয় করে যৌথভাবে বাস্তবায়ন করতে হবে।
পাশাপাশি ময়মনসিংহকে প্রকৃত শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। এছাড়া মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এমডিএ চেয়ারম্যানের বক্তব্য ও পরিকল্পনা
সভায় সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (এমডিএ) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, নগরীর উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের ওপারে পরিকল্পিত আবাসিক এলাকার সম্প্রসারণ এবং মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের জন্য সহজ শর্তে ভবন নির্মাণে জি+৫ পর্যন্ত অনুমোদন সহজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া নগরীর খাল পুনঃখনন এবং বহুতল ভবনগুলোতে ফায়ার এক্সিট ও লিফটের নিরাপত্তা নিশ্চিত করার ওপর কঠোর নজরদারি রাখা হবে।
র্যালি ও অতিথিবৃন্দের উপস্থিতি
“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের শুরুতে গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
- ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম
- ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম
- ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ
- ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগ ও এমডিএ-র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।