ময়মনসিংহ

নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

f X

স্টাফ রিপোর্টার

নেত্রকোণার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তায়েবা (দেড় বছর) এবং আমির হামজা তাসকিন (১৬ মাস) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।

​কলমাকান্দায় খেলতে গিয়ে পুকুরে পতন

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামের মজিবর রহমানের দেড় বছর বয়সী শিশু কন্যা তায়েবা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে স্বজনদের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​পূর্বধলায় স্বজনদের অজান্তে দুর্ঘটনা

​অন্যদিকে, একই দিন দুপুরে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। শহীদ মিয়ার এক বছর চার মাস বয়সী ছেলে আমির হামজা তাসকিন উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। দুপুর পৌনে দুইটার দিকে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক চাচাতো ভাই পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু তাসকিনকে মৃত ঘোষণা করেন।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।