নিরাপদ বালাইনাশক ও পিপিই ব্যবহারে সচেতনতামূলক সভা

​হাফিজ লিটন, ইসলামপুর (জামালপুর)

কৃষিতে নিরাপদ বালাইনাশক ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃষক ও উদ্যোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১০টি ইউনিয়নে অবহিতকরণ সভা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদর্শন করা হয়েছে। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে গত রবিবার (১৫ নভেম্বর ২০২৬) থেকে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচির আওতাভুক্ত এলাকা ও আলোচ্য বিষয়

​ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, ইসলামপুর সদর, পার্থশী, গোয়ালেরচর ও চরপুটিমারী এবং মেলান্দহ উপজেলার দুরমুট, কুলিয়া, শ্যামপুর ও মাহমুদপুর ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।। এতে কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তা ও উৎপাদক দলের দলনেতারা অংশ নেন।

​সভায় সুপারিশকৃত বালাইনাশকের যথাযথ ব্যবহার, প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন এবং পিপিই ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সুরক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে বালাইনাশক ব্যবহারের ঝুঁকি এবং কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

​বাস্তবায়নকারী সংস্থা ও উপস্থিতিবৃন্দ

​অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

​সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল ও আব্দুস সামাদসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment