মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকা থেকে শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে একটি মাদকবিরোধী মিছিল বের হয়। উক্ত মিছিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন এলাকাবাসী অংশ নেন। তবে মিছিল শেষে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মালেক ড্রাইভার ও হাতেম আলী নামে দুই ব্যক্তি স্থানীয় সাংবাদিক মনির ও তাঁর পরিবারকে জড়িয়ে মিথ্যা বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা ও পেছনের তথ্য
অনুসন্ধানে জানা যায়, বক্তব্য প্রদানকারী হাতেম আলীর ছেলে সুমন মাদক কারবারে প্রত্যক্ষভাবে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। হাতেম আলী নিজেই ছেলেকে দিয়ে এই অবৈধ ব্যবসা পরিচালনা করান বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মালেক ড্রাইভারের ঔরষজাত ছেলে সজিব ও বাবু সরাসরি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া তার অন্য স্ত্রীর ঘরে জন্ম নেওয়া আরও দুই ছেলের বিরুদ্ধেও থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। অতীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী মাসুম ওরফে ‘বিগম্যান’-এর সাথেও মালেক ড্রাইভারের মাদক কারবারের সম্পৃক্ততা ছিল। এমনকি বিগম্যানের কাছ থেকে একটি পুরনো ট্রাক কেনার কথা বলে জমি বিক্রির ৪০ হাজার টাকা শেয়ার নিয়ে তা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, বিশগিরিপাড়া গ্রামের বাসিন্দা (বর্তমানে বাজার ছিটপাড়ায় বসবাসকারী) মালেক ড্রাইভার মূলত নিজ ছেলেদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করলেও নিজেকে সমাজসেবী ও স্বচ্ছ দেখাতে এই ধরনের মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ব্যক্তিগত আক্রোশ ও সামাজিক মাধ্যমে অপপ্রচার
ঘটনার পটভূমি থেকে জানা যায়, কিছুদিন আগে মালেক ড্রাইভারের ছেলের বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজালে সাংবাদিক মনিরসহ এলাকাবাসী প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ এসে তা বন্ধ করে দেয়। মূলত সেই ক্ষোভ থেকেই মাদকবিরোধী কর্মসূচিকে ঢাল হিসেবে ব্যবহার করে মালেক ড্রাইভার ও হাতেম আলী সাংবাদিক মনির ও তাঁর মাকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালান।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এই বিভ্রান্তিকর ভিডিও ও সংবাদ প্রচারের কাজে ব্যবহৃত ‘ভিশন টিভি’ নামক ফেসবুক পেজটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির এক নেতা, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এবং যুবলীগের এক কর্মী দ্বারা পরিচালিত হয়ে আসছে।