বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে জাতীয় যুব দিবস উদযাপিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

​বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

​দিবসটি উপলক্ষে সকালে ময়মনসিংহ নগরের টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের এই আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুণ-অর-রশীদ।

​প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্য

​প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, দেশের বিশাল যুবশক্তিকে সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারলে অর্থনীতি বহুগুণ এগিয়ে যাবে। শ্রমের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে কারিগরি, কুটিরশিল্প এবং উৎপাদনমুখী ব্যবসার দিকে মনোযোগী হতে হবে। টিকটক বা সামাজিক মাধ্যমের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে হস্তশিল্প ও স্থানীয় শিল্পাঞ্চলের সহায়ক উদ্যোগগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান নিজেই সৃষ্টির আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।