নবী অবমাননার দায়ে নোবিপ্রবি শিক্ষার্থী এক বছরের জন্য বহিষ্কার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযুক্তের পরিচয় ও অপরাধ

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম ফাহিম তাকরিম। সে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। গত বছরের ১৭ আগস্ট ফাহিম তাকরিমের মেসেঞ্জার কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে আল্লাহ, মহানবী (সা:), উম্মুল মু’মিনীন আয়েশা (রা.) এবং পবিত্র কোরআনকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল। এ ঘটনার পর ওই শিক্ষার্থীর শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উত্তাল আন্দোলন গড়ে তোলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত

অফিস আদেশে উল্লেখ করা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৩৮তম সভা এবং ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গৃহীত শাস্তিসমূহ:

  • একাডেমিক বহিষ্কার: শিক্ষার্থীর ক্ষমা প্রার্থনার আবেদনের তারিখ (১৮ আগস্ট ২০২৫) থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
  • আবাসিক সিট বাতিল: অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিলের জন্য সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে সুপারিশ করা হয়েছে।
  • চূড়ান্ত সতর্কবার্তা: ভবিষ্যতে অন্য কোনো ধর্মের প্রতি অবমাননা বা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো বিষয়কে নোবিপ্রবি কর্তৃপক্ষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *