দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার নিকট জমা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বুধবার বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
১০ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তাঁরা পদত্যাগপত্র হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগ কার্যকর হবে।
প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া এই দুই তরুণ ছাত্রনেতার পদত্যাগ গ্রহণ করে প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
তিনি বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আজকের দিনটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। এটি কেবল একটি রূপান্তর। আগামীতে তোমরা বৃহত্তর পরিসরে আরও বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”
দুই উপদেষ্টাকে ভবিষ্যতেও দেশের কল্যাণে যুক্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সরকারে কাজ করার অভিজ্ঞতা তোমরা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাবে। দেশের মঙ্গলে নিজেরা নিয়োজিত থাকবে এই প্রত্যাশাই করি।”
অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টার একসঙ্গে পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
