তথ্য প্রতিমন্ত্রীর কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর
স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর করেছেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।
প্রতিবেদন গ্রহণ ও প্রতিমন্ত্রীর মন্তব্য
শনিবার দুপুরে প্রতিমন্ত্রী তাঁর নিজ জেলা সফরকালে ময়মনসিংহ সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের শুরুতে এ প্রতিবেদন গ্রহণ করেন। এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, ময়মনসিংহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ তথ্য কমপ্লেক্স সম্পর্কে তিনি অবগত রয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে প্রতিবেদনটি সহায়ক হবে। নির্ধারিত স্থানটি কমপ্লেক্সের জন্য যথেষ্ট কি না এবং নির্মাণ কাজের প্রস্তুতি কেমন সে বিষয়েও পরিচালকের কাছে জানতে চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ
ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস, তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, বাংলাদেশ বেতার কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্পের বর্তমান অবস্থা ও ভূমি অধিগ্রহণ
উল্লেখ্য, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত ২৬ জেলার মধ্যে ময়মনসিংহের শিকারীকান্দায় ২০২৩ সালে নির্ধারিত স্থানসহ ১৭ জেলায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি ৯ জেলায় অধিগ্রহণ প্রক্রিয়াধীন।
নির্মাণ পরিকল্পনা ও ভবনের বৈশিষ্ট্য
স্থানীয় গণপূর্ত বিভাগ মার্চ মাসের মধ্যেই ময়মনসিংহের নির্ধারিত স্থানে বিদ্যমান স্থাপনা অপসারণের পর ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ হাতে নেবে। সাততলা কমপ্লেক্স ভবনটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সকল বিভাগের অফিস ও সিনেমা প্রদর্শন সুবিধাসম্বলিত মাল্টিপারপাস হল থাকবে।
