টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে যীমুনা সেতু মহাসড়ক অবরোধ

ঘণ্টাব্যাপী বিক্ষোভে মহাসড়কে দীর্ঘ যানজট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বেলা সাড়ে ১১টার দিকে যমুনা গোলচত্বর এলাকায় জড়ো হওয়া ছাত্র-জনতা মহাসড়কে নেমে ঘণ্টাব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রতিবাদ

বিক্ষোভকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত ম্যাপ সাইটেও প্রকাশ করা হয়।

অবরোধকারীরা স্লোগান দেন যে, কোনোভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না এবং ঢাকা বিভাগেই রাখতে হবে। তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এ বিষয়ে জানান, দাবির বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *