জানাজার স্থান পূনঃবহালের দাবিতে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান
গোলকীবাড়িতে জানাজার নির্ধারিত স্থানে কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহ মহানগরীর ৫ নং ওয়ার্ডের গোলকীবাড়ি এলাকায় জানাজার নামাজের স্থান বহাল রাখার দাবিতে স্থানীয় এলাকাবাসী সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
সম্প্রতি গোলকীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা এই স্থানটিতে নগর ভবন কর্তৃক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত শুক্রবার ও রবিবার দুপুরে জোহরের নামাজের পর গোলকীবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে যা বলা হয়েছে
জানাযার স্থান বহাল রাখার দাবিতে ৮২০ জন এলাকাবাসীর সাক্ষরসহ ৩৩ ফর্দে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে এলাকাবাসীরা দাবি করেন, বিগত কয়েক যুগ ধরে মসজিদ সংলগ্ন গোলকীবাড়ি সরকারি প্রাইমারি স্কুল মাঠের ফাঁকা স্থানটি গোলকীবাড়ি, কলেজ রোড, মোহাম্মদ আলী রোডসহ পার্শ্ববর্তী এলাকার মৃত ব্যক্তিদের জানাজার নামাজের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তাঁরা উল্লেখ করেন, এই এলাকাটি ব্যাপক ঘনবসতিপূর্ণ হওয়ায় এই স্থান ব্যতীত আর কোনো ফাঁকা স্থান নেই।
এলাকাবাসীর প্রতিনিধি ও সমাধান প্রস্তাব
স্মারকলিপি প্রদান করার সময় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুল, গোলকিবাড়ি মসজিদের সেক্রেটারি আলহাজ্জ গিয়াস উদ্দিন আহমেদ, সাংবাদিক আদিলুজ্জামান আদিল এবং মুফতি জুনাইদ আহমাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুল বলেন, “জানাযার জায়গার এই স্থানটি এলাকাবাসীর আবেগ এবং ধর্মীয় অনুভূতির সাথে জড়িত। তাই ওয়ার্ড কাউন্সিলরের স্থাপনাটি এখানে না করে পাশে নগর স্বাস্থ্য কেন্দ্র ও প্রাইমারি স্কুলের মাঝখানে করা হলে সবার জন্য উভয় সমস্যার সমাধান হবে।”
