জুলাই সনদ নিয়ে আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই: এনসিপি

সনদের বাস্তবায়ন আদেশ ড্রাফট আকারে প্রকাশের দাবি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, আসিফ নজরুল জুলাই সনদকে সংবিধানের অধীনে কথা বলে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।

বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

জুলাই সনদ নিয়ে এনসিপি’র আশঙ্কা

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের ওপরে জনগণের কিন্তু আস্থা নেই। উনি বারবার জনগণের আস্থার বাইরে গিয়ে, এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পটভূমি না ধরে তিনি জনগণের এই ঐতিহাসিক সনদ প্রকাশকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে তাঁদের আশঙ্কা রয়েছে।

ঐক্যের প্রতীক ভণ্ডুল করার চেষ্টা

এনসিপি’র এই নেতা বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে, এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতীক নিয়ে কেউ যদি বিভক্তির জায়গা নিয়ে আসতে চায়, প্রকারান্তরে তারা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত বছরের পাঁচ তারিখেও জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানেও ফ্যাসিবাদী শক্তিগুলোকে (আওয়ামী লীগ, জাতীয় পার্টি নামে হোক) জুলাই সনদকে ভণ্ডুল করে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বাক্ষরের আগে ড্রাফট চাই

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ডক্টর ইউনুসের অধীনে যে ঐকমত্য কমিশন রয়েছে, তাদের আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে, তখনই এনসিপি সনদে স্বাক্ষরের উদ্যোগ নেবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *