জিসিসিভুক্ত ছয় দেশে একক ভিসায় ভ্রমণ: শিগগিরই চালু হচ্ছে গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা
তথ্যসূত্র: খালিজ টাইমস।

একটি অনুষ্ঠানে গালফ সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর জাতীয় পতাকা ফাইলছবি: এএফপি।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) শিগগিরই ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে একটি একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি এ খবর জানিয়েছেন।
এই একক ভিসাটি ইউরোপের শেনজেন ভিসার আদলে তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশি পর্যটকেরা জিসিসির ছয়টি দেশ—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে—একক ভিসায় ভ্রমণ করতে পারবেন।
বাস্তবায়নের সময়সীমা ও উদ্দেশ্য
- চালুর সময়: তৌক আল মারি জানিয়েছেন, চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করা হবে। তবে তিনি ঠিক কবে থেকে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে, তা স্পষ্ট করেননি।
- কৌশলগত পদক্ষেপ: এই ভিসা চালু করা হচ্ছে আঞ্চলিক সমন্বয় আরও গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে। এটি উপসাগরীয় অঞ্চলকে ‘একক পর্যটন গন্তব্য’ হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে।
আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, পরীক্ষামূলক পর্ব শেষে দ্বিতীয় ধাপে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
পর্যটন ও অর্থনীতিতে প্রভাব
পর্যটন ও ভ্রমণশিল্পের নেতারা মনে করছেন, এই একক ভিসা আঞ্চলিক অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনবে। এর ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধিতেও সহায়তা করবে।
তবে কত দিনের জন্য এই ভিসা দেওয়া হবে বা এর খরচ কত পড়বে, তা-ও এখনো প্রকাশ করা হয়নি।
