জিম্মি ও বন্দীদের নাম প্রকাশ করল হামাস

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফেরার অপেক্ষায় আজ সোমবার সকাল থেকে তেল আবিবের ‘জিম্মি চত্বরে’ সমবেত হয়েছেন তাঁদের সমর্থকেরাছবি: এএফপি।
এএফপি ও আল–জাজিরা।
গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলে বন্দী ১ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড। আজ সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে নামগুলো প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, আজ ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। বিনিময়ে ইসরায়েলে আটক প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।
বন্দিবিনিময়ের অপেক্ষা
ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় ৪৮ জন জিম্মির মধ্যে ২০ জন বেঁচে আছেন।
- ইসরায়েলে অপেক্ষা: জিম্মি ব্যক্তিদের মুক্তির অপেক্ষায় তাঁদের পরিবার আজ সকালে রেইম সামরিক ঘাঁটিতে এবং সমর্থকেরা তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ সমবেত হয়েছেন।
- ফিলিস্তিনে অপেক্ষা: ফিলিস্তিনি বন্দীদের পরিবার গাজার নাসের হাসপাতাল এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিজ নিজ বাড়িতে তাঁদের মুক্তির অপেক্ষায় আছেন।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বন্দিবিনিময়ের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে। ইসরায়েলি জিম্মিদের নেওয়ার জন্য তাদের বাসগুলো মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৌঁছেছে। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের ফিরিয়ে আনতে আইসিআরসির কয়েকটি যানবাহন ইসরায়েলের ওফের এলাকায় একটি কারাগারের সামনে অপেক্ষা করছে।
