স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে তিনি প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সকাল ১০টার দিকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সরেজমিনে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ফুলপুরে চরম অব্যবস্থাপনায় অসন্তোষ ও খোঁজখবর
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে প্রায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জরুরি বিভাগ, ইনডোর, আউটডোর, নার্সিং কক্ষ, স্টোররুম, ড্রেনেজ ব্যবস্থা ও টয়লেটসহ প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসাসেবা, জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো ও পরিচ্ছন্নতা পরিস্থিতিতে চরম অব্যবস্থাপনা দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তারা সঠিক সেবা পাচ্ছেন কি না, তা জেনে নেন। বিশেষ করে রোগীদের বাইরে থেকে ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে কি না এবং হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত তদারকি করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিগত সরকার চিকিৎসা খাতসহ বিভিন্ন খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও ভবনসংক্রান্ত নানান সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস হয়েছে; তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কিছুটা সময় প্রয়োজন হলেও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর পিএস খন্দকার ইফতেখার, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ মাহমুদ জয় উপস্থিত ছিলেন। তবে পরিদর্শনের সময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী অনুপস্থিত ছিলেন; মন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগেই তিনি ছুটি নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।
তারাকান্দায় ইনডোর চালুর নির্দেশ ও কঠোর হুঁশিয়ারি
ফুলপুর সফর শেষে সকাল ১০টায় তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালে যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ ও বহির্বিভাগ তদারকির পাশাপাশি অতি দ্রুত হাসপাতালের ‘ইনডোর’ সেবা চালুর স্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
এ সময় ময়মনসিংহের সিভিল সার্জন মো. ফখরুল হাসান চৌধুরী, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং হাসপাতালের চিকিৎসক ও সেবিকা (নার্স)-রা উপস্থিত ছিলেন।