জিমেইলের সব ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০১
বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে গুগল। সতর্কবার্তায় অতি দ্রুত সব ব্যবহারকারীকে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনসহ দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে গুগল।
গুগলের তথ্যমতে, সাইবার হামলার পেছনে কুখ্যাত হ্যাকার দল শাইনি হান্টার্স সক্রিয় রয়েছে। ২০২০ সাল থেকে হ্যাকার দলটি বিভিন্ন কৌশলে ‘ফিশিং’ হামলা চালাচ্ছে। সাধারণত প্রতারণামূলক ই–মেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ভুয়া লগইন পেজে নিয়ে যায় হ্যাকার দলটি। এর ফলে অনেকেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্যসহ নিরাপত্তা কোড দিয়ে দেন। গুগলের আশঙ্কা, শাইনি হান্টার্স হ্যাকার দলটি শিগগিরই নতুন কৌশলে আরও লক্ষ্যভিত্তিক ও ধ্বংসাত্মক সাইবার হামলা চালাতে পারে।
