জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি: গণভোট নির্বাচনের আগেই চাই, নইলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে রয়েছে ৮ দল। ৬ নভেম্বর তারা ঢাকায় সমাবেশ করে।ফাইল ছবি

কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছে জামায়াতে ইসলামীসহ আট দল। তারা বলেছে, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ শনিবার (৮ নভেম্বর) জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আট দলের পাঁচ দফা দাবি

দলগুলোর পাঁচ দফা দাবি হলো:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. গত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিএনপি’র প্রতি আহ্বান

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। বিএনপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই গণভোট করার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতসহ আট দল গণভোট আগে করার দাবি তুলেছে।

আট দলের নেতারা এ প্রসঙ্গে বলেন, বিএনপি তাঁদের আহ্বানে রাজি না হলেও বিএনপি যদি তাঁদের আহ্বান জানায়, তাহলে তাঁরা সাড়া দেবেন। বৈঠকে পাঁচ দাবিতে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকায় জনসমাবেশ সফল করা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিতি

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির সাখাওয়াত হোসাইনসহ আট দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *