জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি আবশ্যিক: পাঠদানের যোগ্যতা নির্ধারণ
পড়াশোনা ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসে আইসিটিফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রোগ্রামের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি) বিষয়ে একটি তত্ত্বীয় ও একটি ব্যবহারিক কোর্স আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আইসিটি পড়ানোর দায়িত্বে শিক্ষকেরা
এই নতুন কোর্সটি পড়ানোর জন্য শিক্ষকদের একটি নির্দিষ্ট যোগ্যতা ও অগ্রাধিকারের তালিকা প্রকাশ করা হয়েছে:
- ১. এই কোর্স পাঠদানে আইসিটি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা অগ্রাধিকার পাবেন।
- ২. এ ছাড়াও, যে সব শিক্ষক আইসিটি বিষয়ে টিওটি/সিইডিপি/এনএসডিএ/বিটিইবি/বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রশিক্ষণ পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইসিটিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী, তারাও এই কোর্স পড়াতে পারবেন।
- ৩. যদি কোনো প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়ের কোনো শিক্ষক না থাকেন, সে ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, প্রাণরসায়ন, ভূগোল ও পরিবেশ ও পরিবেশবিজ্ঞান বিষয়ের শিক্ষকেরা এই কোর্স পড়াতে পারবেন।
এই নতুন নিয়মটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
