স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নের বার্তা
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের সন্তানরা যেন শুধু চার দেয়ালের মাঝে কিংবা প্রযুক্তিতে আসক্ত না হয়ে পড়ে, সেজন্য তাদের বেশি করে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি তরুণদের মানবিক মননশীলতা বিকশিত হয়।
তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি ও হিংসা-বিদ্বেষের কোনো স্থান থাকবে না। বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সক্রিয় রেখে স্বাবলম্বী করে তোলার জোর তাগিদ দেন তিনি।
ফাইনালের ফল ও ট্রফি বিতরণ
টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া দল এবং রানার্সআপ নান্দাইল দলের খেলোড়ারদের হাতে ট্রফি ও পুরস্কার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বক্তব্যের শুরুতে তিনি সুন্দরভাবে খেলা পরিচালনাকারী কর্মকর্তা, রেফারিবৃন্দ এবং প্রচারের দায়িত্বে থাকা সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান। ময়মনসিংহ বিভাগের সন্তান হিসেবে ঐতিহ্যবাহী ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের এমন অগ্রগতিতে তিনি গর্ব প্রকাশ করেন।
অতিথিবৃন্দের উপস্থিতি
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে মাঠ মাতিয়েছেন ময়মনসিংহের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ—
- ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন
- ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ড. মো. মাহাবুবুর রহমান
- ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ
- ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর
- ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।