কোরআন অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ
নালিতাবাড়ী প্রতিনিধি।

ফাইল ছবি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
আজ সোমবার (৬ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
বক্তাদের ক্ষোভ ও দাবি
মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোকিত দিশারী এবং কুরআন অবমাননা মুসলমানদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তাঁদের মতে, যারা এমন কাজ করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কাজ করছে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। এ সময় তাঁরা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান এবং জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরশাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন সহ আরও অনেকে।
বিক্ষোভ ও আইনি ব্যবস্থা
মানববন্ধন শেষে উলামা মাশায়েখ নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রীজে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে কুরআন অবমাননা করতে দেখা যায়। এই ঘটনা দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে। ঘটনার পর গতকাল ৫ অক্টোবর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এবং ভাটারা থানা পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে।
