বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত
তারুণ্যের উদ্ভাবনী চিন্তাকে নীতি প্রণয়নে কাজে লাগানোর আহ্বান প্রধান অতিথির

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ (সোমবার ১৩ অক্টোবর, ২০২৫): নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাঃ লিয়াকত আলী।
নীতির নির্ধারণে তরুণদের ভূমিকা
প্রধান অতিথি মো: রেজাউল মাকছুদ জাহেদী তাঁর বক্তব্যে বলেন, “তরুণরাই দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের চিন্তাশক্তি, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের নীতিমালা প্রণয়নে কাজে লাগাতে হবে।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যার সমাধানমূলক চিন্তা তৈরি করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
