কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন
নিজস্ব প্রতিবেদক

সার্ক কৃষি কেন্দ্র (SAC) অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে। শনিবার (১৪ মার্চ) বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বই দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। প্রকাশনাগুলোতে দক্ষিণ এশিয়ার কৃষি বাণিজ্য, খাদ্য নিরাপত্তা মানদণ্ড এবং টেকসই কৃষি ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।
আঞ্চলিক জ্ঞান বিনিময় ও সমন্বিত মানদণ্ড
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী বলেন, দক্ষিণ এশিয়ার কৃষিখাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠলে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে। প্রধান অতিথির বক্তব্যে ড. পি. চন্দ্র শেখারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণে সমন্বিত খাদ্য নিরাপত্তা মানদণ্ড অত্যন্ত প্রয়োজনীয়। এ ক্ষেত্রে নীতিগত সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো গেলে আঞ্চলিক খাদ্যবাজারে আস্থা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও টেকসই সমাধান
সভাপতির বক্তব্যে ড. হারুনূর রশীদ বলেন, জলবায়ু পরিবর্তন, ভূমির অবক্ষয় এবং বাজারের অনিশ্চয়তা দক্ষিণ এশিয়ার কৃষিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রোইকোলজিক্যাল পদ্ধতি এবং গবেষণাভিত্তিক নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা টেকসই ও সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। উল্লেখ্য, বই দুটি সম্পাদনা করেছেন ড. হারুনূর রশীদ, ড. মো. ইউনুস আলীসহ একদল বিশেষজ্ঞ গবেষক।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. শরীফুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডা. এএইচএম তাসলিমা আকতার।
