কার্গো ভিলেজে আগুন নাশকতা কি না, তদন্তের দাবি জাপার

আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টির (একাংশ)। দলটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগুনের ঘটনা কোনো পরিকল্পিত নাশকতার অংশ কি না, তা সরকারকে তদন্ত করে বের করতে হবে।
শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা এই দাবি জানান।
জাপা নেতাদের দাবি ও উদ্বেগ
- নাশকতার তদন্ত: নেতারা বলেন, যদি নাশকতা হয়ে থাকে, তাহলে যাঁরা এ ধরনের দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, তাঁরা যে মতেরই হোক না কেন, তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
- উদ্বেগ: তাঁরা সাম্প্রতিক সময়ে ঢাকার রূপনগর ও চট্টগ্রাম ইপিজেডের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
- ক্ষতিপূরণ: বিবৃতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
- ব্যবস্থাপনা: তাঁরা কার্গো ভিলেজে পণ্য রাখার অপব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন এবং ভবিষ্যতে সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
