কলমাকান্দায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতিতে নতুন বছরকে বরণ

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে নেত্রকোণার কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতির মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে বর্ষবরণ করা হয়।

ঐতিহ্যের আদলে বর্ণাঢ্য শোভাযাত্রা

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল র‍্যালি বের করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর চিরচেনা আদলে ও বাঙালির আবহমান ঐতিহ্যের স্মারক নিয়ে শোভাযাত্রাটি কলমাকান্দা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। র‍্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

লোকজ সংস্কৃতির পরিবেশনা

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গ্রামীণ লোকজ গান ও মরমী সংগীত পরিবেশন করেন। লোকজ সুরের এই মূর্ছনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং সকলের মন জয় করে নেয়।

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। আমাদের এই সমৃদ্ধ লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *