আইনি সুরক্ষা না পেলে সনদ অনুষ্ঠান প্রতিহতের হুঁশিয়ারি জুলাই যোদ্ধাদের

রাজনীতি

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করছেন কিছু তরুণ। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তোলাছবি: খালেদ সরকার

নিজস্ব প্রতিবেদন ঢাকা।

জুলাই যোদ্ধা’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া একদল তরুণ গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেছেন। তাঁদের মূল দাবি হলো, জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

​এই দাবির বিষয়ে বিক্ষোভকারীরা জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে সিদ্ধান্ত চেয়েছেন। তাদের হুঁশিয়ারি, তা না হলে শুক্রবার বিকেলের সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করা হবে।

বিক্ষোভকারীদের আলটিমেটাম

​বৃহস্পতিবার রাত একটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ চলাকালে মোয়াজ্জেম হোসেন নামের এক তরুণ বলেন:

​“জুলাই সনদ যে ঘোষণা করা হচ্ছে, এখানে জুলাই যোদ্ধাদের কোনো ধরনের আইনি সুবিধা (সুরক্ষা) বা জুলাই যোদ্ধাদের কোনো প্রাধান্য দেওয়া হয়নি।”

বিক্ষোভকারীদের কেউ দাঁড়িয়ে কেউ রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তোলা
ছবি: খালেদ সরকার।

তিনি আরও বলেন, “আমরা একটি আলটিমেটাম দিয়েছি যে সকাল ১০টার ভেতরে ঐকমত্য কমিশন এবং যাঁরা যাঁরা প্রতিনিধি, আমাদের সঙ্গে এখানে এসে কথা বলতে হবে… যদি কোনো ডিশিসন না নেওয়া হয়, আগামীকালকের (শুক্রবার) জুলাই সনদ প্রোগ্রাম (স্বাক্ষর অনুষ্ঠান) করতে আমরা দেব না। এটা আমাদের স্পষ্ট বার্তা।”

​শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, বিক্ষোভকারীরা দক্ষিণ প্লাজার ফটকের বাইরে অবস্থান নিয়েছেন। তবে অনুষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *