৫ ইসলামী ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের কাজ শুরু

বাংলাদেশ ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর এখন একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হবে। এই ব্যাংক গঠনে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দেবে।
নতুন ব্যাংকের মালিকানা থাকবে সরকারের হাতে, এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে অর্থ মন্ত্রণালয়।
একীভূত হতে যাওয়া ৫ ব্যাংক
যে পাঁচটি ব্যাংককে একীভূত করা হচ্ছে, সেগুলো হলো:
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- গ্লোবাল ইসলামী ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক
- এক্সিম ব্যাংক
- সোশ্যাল ইসলামী ব্যাংক
নতুন ব্যাংকটির জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে: ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।
গঠন প্রক্রিয়া
- আইন মন্ত্রণালয়ের অনুমোদন: চলতি সপ্তাহে নতুন ব্যাংক গঠনে কোনো আইনগত জটিলতা আছে কি না, তা জানতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি: আইন মন্ত্রণালয় থেকে অনাপত্তি পেলে বাংলাদেশ ব্যাংকে আগ্রহ পত্রের (এলওওয়াই) জন্য চিঠি দেওয়া হবে।
- কোম্পানি গঠন: আরজেএসসিতে কোম্পানি গঠন ও নাম চূড়ান্তের জন্য চিঠি দেওয়া হবে। কোম্পানি গঠন চূড়ান্ত হলে পাঁচ ব্যাংকের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।
