সেনবাগে “সময়ের বাতিঘর”-এর ফ্রি মেডিকেল ক্যাম্প: স্বাস্থ্যসেবা পেয়ে খুশি শতাধিক অসহায় মানুষ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন “কেশারপাড় সময়ের বাতিঘর”-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেশারপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

বিনামূল্যে চিকিৎসা ও ব্লাড গ্রুপিং

ক্যাম্পে এলাকার অসহায় ও নিম্নআয়ের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চারজন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এর পাশাপাশি দিনভর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমও পরিচালিত হয়। বিনামূল্যে উন্নত পরামর্শ ও সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম

সংগঠনটির প্রায় ৭০ জন তরুণ স্বেচ্ছাসেবীর আন্তরিক প্রচেষ্টায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের সিরিয়াল মেইনটেইন থেকে শুরু করে চিকিৎসকদের সহযোগিতা পর্যন্ত প্রতিটি ধাপে স্বেচ্ছাসেবীরা সক্রিয় ছিলেন।

মানবিক পথচলার এক দশক

সংগঠনের পরিচালক মো. হেলাল জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে “কেশারপাড় সময়ের বাতিঘর” আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় তারা বৃক্ষরোপণ, ঈদসামগ্রী বিতরণ, গৃহহীনদের বাসস্থান নির্মাণ এবং বন্যাদুর্গতদের সহায়তা প্রদান করে আসছেন। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আমাদের পথচলা। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *