শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী সন্দেহে মো. সেলিম মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​অভিযান ও আটকের বিবরণ

​বিজিবি সূত্রে জানা যায়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (১৬ নভেম্বর) শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

​অভিযানকালে মানব পাচারকারী সন্দেহে মো. সেলিম মিয়াকে আটক করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি ও মাটিফাটা এলাকার বাসিন্দা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক সেলিম মিয়াকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

​চক্রের অন্য সদস্য ও বিজিবির অবস্থান

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্যানুযায়ী, এ মানব পাচার চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুঁলগাঁও গ্রামের মো. স্বপন এবং বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

​ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও মানব পাচার প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Comment